দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হামলার প্রায় এক মাস পর মাগুরা শহরের কেশব মোড় এলাকায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, দোতলা বাড়িটির বাইরের অংশে কয়েকজন শ্রমিক রঙের কাজ করছেন। ভবনের বিভিন্ন অংশেও সংস্কারকাজ চলতে দেখা যায়।
গত ৬ আগস্ট রাতে বাড়িটির প্রধান ফটকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপে বাড়িটির কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার প্রায় এক মাস পর সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তারা ভবনের বাইরের অংশে রঙের কাজ করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না বা তাঁর পরিবারের কেউ বাড়িতে আসবেন কি না, সে বিষয়ে তাদের কোনো তথ্য নেই।
তাদের ভাষ্য, রঙের কাজ শেষ হওয়ার পর হামলায় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘর ও জানালার ভাঙা কাচের কিছু অংশও মেরামত করা হতে পারে।
তবে কাজ চলাকালে বাড়িতে সাকিবের পরিবারের কোনো সদস্য বা ঘনিষ্ঠ কাউকে দেখা যায়নি।
এর আগে ৬ আগস্ট রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে ভবনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। মাগুরা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, ঘটনায় কেউ আহত হননি।
পুলিশের প্রাথমিক ধারণা ছিল, লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে ঘটনাস্থল থেকে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ।
এদিকে আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে নেতাদের নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এমন বক্তব্য ছড়িয়ে পড়েছে। মাগুরার সাবেক সংসদ সদস্যসহ কয়েকজন নেতাও এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
এ প্রেক্ষাপটে সাকিব আল হাসান দেশে ফিরতে পারেন কি না, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা দেখা যাচ্ছে। তবে তাঁর দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাঁর নামও আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় ১৫৬ জনকে আসামি করা হয়। সেখানে সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।
তবে মাগুরার বাড়িতে শুরু হওয়া বর্তমান সংস্কারকাজের সঙ্গে সাকিবের দেশে ফেরার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
যে আই